বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ ধরার সময় ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপ গুলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে ৯ জন জেলে সাগরে মাছ শিকারে যান। ওই সময় হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে সাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। রাতে খবরটি এলাকায় জানাজানি হয়।

আটককৃত জেলেরা হচ্ছেন- মো. নুরুল আলম (৩০) হোসেন, মো. ইসমাইল হোসেন (২০), মো. ইলিয়াছ (২২), মো. ইউনুস (১৮), মো. কালু মিয়া (১৮), মো. সাইফুল ইসলাম (১৮), মো. সলিম হোসেন (২০), মো. আফতাব হোসেন (২০) ও মো. লালু মিয়া (২৫)।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘সাগরে মাছ শিকারে যাওয়া ৯ জন জেলেকে মিয়ানমার বিজিপি ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তারা সবাই আমার এলাকার বাসিন্দা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ‘সাগরে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমার জানিয়েছে, তাদের সীমান্তে মাছ শিকারে যাওয়ায় বাংলাদেশি জেলেদের আটক করা হয়েছে। তবে তাদের ছেড়ে দেওয়া হবে আশ্বাস দিয়েছে তারা।’

এর আগে গত রোববার নাফ নদীতে মাছ শিকারের সময় গুলিবিদ্ধ হন মো. ইসলাম নামের এক বাংলাদেশি। পরে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে মিয়ানমার বিজিপির কাছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.