দেশে গণতন্ত্র বিকাশের প্রধান বাধা বিএনপি: কাদের

বিএনপিকে দেশে গণতন্ত্র বিকাশের ‘প্রধান বাধা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘দেশে গণতন্ত্র বিকাশের প্রধান বাধা বিএনপি। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে নূর হোসেনের চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুন। গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। যড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার অপরাজনীতি পরিহার করুন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে না পারলে, ৩০ লাখ শহীদের আকাঙ্ক্ষা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে সত্যিকারের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যাবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেন সেদিন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নূর হোসেন বুকে পিঠে লিখেছিলেন- ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। শহীদ নূর হোসেন বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে। আসুন শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক উন্নত দেশ নির্মাণে ঐক্যবদ্ধ হই।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.