টেস্ট ক্রিকেটে টাইগারদের কুড়ি বছর

দেখতে দেখতে ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার আসর টেস্ট ক্রিকেটে দু’দশক পূর্ণ হয়েছে বাংলাদেশের। ২০০০ সালের আজকের দিন অর্থাৎ ১০ নভেম্বর ক্রিকেটের অভিজাত মঞ্চে অভিষিক্ত হয় বাংলাদেশ। সেই থেকে এখন পর্যন্ত ১১৯ টেস্ট খেলেছে টাইগাররা। এর মধ্যে ৮৯ ম্যাচে হার। আর জয় মোটে ১৪ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ ড্র। একটি জয়ের বিপরীতে প্রায় সাত ম্যাচে হার।

দু’দশকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জায়গাটা যে এখনো নড়বড়ে সেটা বুঝতে খুব বেশিদূর যাওয়ার দরকার নেই। গত বছর ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটের পুঁচকে আফগানিস্তানের বিপক্ষে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাটুকুও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ওই সময় মাত্র দুই টেস্ট খেলার অভিজ্ঞতাপুষ্ট আফগানদের কাছে ২২৪ রানের ব্যবধানে হেরেছে টিম টাইগার্স।

বলা যায়, বাংলাদেশ টেস্ট মর্যাদায় আসীন হয়েছিল সাংগঠনিক দক্ষতার জোরে। তবে অভিষেক টেস্টে ময়দানী দক্ষতায় খুব একটা নিরাশ করেনি ‘টিম টাইগার্স’। ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি ভারতের বিপক্ষে প্রথম তিন দিন সমানতালে লড়াই করেছিল নাইমুর রহমান দুর্জয় ব্রিগেড। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪০০ রানের সৌধ গড়ে বাংলাদেশ। জবাবে ভারতের ইনিংস থামে ৪২৯ রানে। শেষ দুদিনে অবশ্য পথ হারায় টাইগাররা।

টেস্ট ক্রিকেটের নতুন দল হিসেবে সম্ভবানার আগমনী বার্তা জানাতে সমর্থ হয় বাংলাদেশ। তবে দুদশকের পথ পরিক্রমায় সম্ভাবনার এই কুঁড়িটা ফুল হয়ে ফোটেনি। আটকে আছে বৃন্তবন্দী হয়েই।

বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের একটা বিষয় খুবই লক্ষ্যনীয়। কুড়ি বছরে ব্যক্তিগত সাফল্যে টেস্ট ক্রিকেটের বড় বড় রেকর্ডগুলোকে নিয়মিতভাবেই বড় ধরনের ঝাকি দিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। অসংখ্য রেকর্ডের মালা গলায় পড়েছে আমাদের ক্রিকেটাররা। তবে এই ব্যক্তিগত অর্জনগুলো বেশিরভাগ সময়ই সর্বোচ্চ দলীয় প্রাপ্তির ফসল হিসেবে ঘরে ওঠেনি। সব কথার এক কথা, ব্যক্তিগত অর্জনের দিক থেকে যতটা আলো ছড়িয়েছেন টাইগাররা, দলের অর্জন ততটা উজ্জ্বল তো নয়ই, বরং অনেকটায় ফিকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.