ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান চান রওশন

ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার বলে মনে করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (০৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, দেশজুড়ে একের পর এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে। সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার। আর এই বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে। আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। তারপরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না। আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন ও বিচার ব্যবস্থায় যদি কোনো দুর্বলতা থাকে তা শোধরাতে হবে।

কোনো নারী ও শিশু নির্যাতনের শিকার হলে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে বলেও মনে করেন রওশন এরশাদ।

তিনি বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা ও সামাজিক আন্দোলন নারী ও শিশু নির্যতনরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.