ওসি-ডিসিরা অভিযোগ না শুনলে আমার কাছে আসবেন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘এলাকার ওসি-ডিসি আপনাদের অভিযোগ না শুনলে, আমার কাছে আসবেন। আমার দুয়ার সব সময় খোলা। প্রয়োজনে আমি নিজেই আপনাদের সঙ্গে নিয়ে এলাকায় যাবো।’

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে’র এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পুলিশিং কমিউনিটি ডে’র আলোচনা সভায় কমিশনার বলেন, ‘পুলিশের কিছু দোষ ত্রুটি থাকলেও সর্বত্রই নিরলসভাবে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে করোনা মহামারিতেও মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছে। একইসঙ্গে মানুষের অভাব অভিযোগ শুনে করণীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নিয়েছে।’

কমিউনিটি পুলিশের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা শহরে ৩৫ থেকে ৩৬ হাজার পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এটাই যথেষ্ট না। সুদৃঢ় নিরাপত্তার জন্য দরকার জনগণের সম্পৃক্ততা। এ কারণেই গত পাঁচ বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে। সেখানে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।‘

এর আগে কমিশনার কমিউনিটি পুলিশের কর্মকাণ্ডে সফলতা অর্জন করায় কয়েকজনকে পুরস্কৃত করেন।

উল্লেখ‌্য, ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ স্লোগানে সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন করা হচ্ছে আজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.