এরফানের সহযোগী দিপু ফের ২ দিনের রিমান্ডে

রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় এরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দিপুর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) তিন দিনের রিমান্ড শেষে দিপুকে আদালতে হাজির করা হয়। ফের তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই মবিনুল হক। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান দিপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৭ অক্টোবর দিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ২৮ অক্টোবর মামলাটিতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে এরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল মোল্লার তিন তিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২৬ অক্টোবর হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে কলাবাগান এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওয়াসিফ সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন এরফানের সঙ্গে থাকা ব‌্যক্তিরা গাড়ি থেকে নেমে ওয়াসিফকে কিল-ঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় ওয়াসিফের স্ত্রীকেও গালিগালাজ করা হয়।

এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে এরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদুল মোল্লা, ব‌্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ আহমদ খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.