মোনায়েম খান :ধরুন, আমার এক ভায়েরা ভাইয়ের মামাতো বোনের ফুফু শ্বাশুড়ীর স্বামীর ভাগনির ননদের ভাসুর,বাংলাদেশে একজন নাম করা নেতা, ক্ষমতাধর ব্যক্তিও বটে।আচ্ছা বলেনতো, তিনি আমার কেমন আত্মীয় হন?দুরছাই,এতদূরের রিস্তাদার হয় নাকি?অগত্যা,তেমন কেউ হয়ে গেলে তাঁর পরিচয়ে পরিচিত হওয়া লজ্জাষ্কর বিষয় নয় কি? তবু ইদানীংকালে কিছু লোক এমন হাস্যকর কাজটি করে থাকেন,স্বইচ্ছায় স্বজ্ঞানে।জানিনা কি জন্য ?
এমন অনেক লোক আছেন যাঁরা দীর্ঘ পথ পায়ে হেঁটে নামে মাত্র কুটুম্ভের সন্ধান বের করতে অধৈর্য হন না, যদি সে আত্মীয় লোকের সামাজিক অবস্হান উচু তলায় বিবেচ্য হয়। হালে, বিশেষ করে বাংলাদেশে এই কাজটি অর্থাৎ উপযাজক আত্মীয় প্রীতির তোষন নীতি মহামারির মত বিস্তৃতি লাভ করছে। যা বাস্তবিক অর্থে সামাজিক অবক্ষয় ত্বরান্নিত করতে এক নিয়ামক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
একসময় ছিল যখন বড় সাহেবদের শ্যালক/শ্যালিকাদের উপদ্রব ছিল বেশী।দুলাভাইদের পরিচয়ে পরিতৃপ্তি যেমন দেখাতেন ঠিক তেমনি অবৈধ আধিপত্যও ছিল চোখে পড়ার মত।একই মাত্রায় অফিস পাড়ায় দাপটও ছিল বেশী। এখন দৃশ্যপট অারও বিস্তৃত, কোন ক্ষমতাধর ব্যক্তি বা রাজনীতিক যদি নামে মাত্র আত্মীয় হন, বা আত্মীয়তার ছায়া থাকে ব্যাস, কাজ হয়ে গেল। এই নিকৃষ্ট কাজ গুলো যাঁরা করেন তাঁদের কি লাজ লজ্জা বলতে কিছু নেই ? মোটা চামড়ার ঐ নির্লজ্জ লোকদের প্রতি ঘৃনা পোষন করাও ঘৃনিত কাজ।
আমাদের মনে রাখতে হবে, অপরের পরিচয়ে পরিচিত হওয়ার মধ্যে গর্বের কিছু নেই। নিজের দৈন্যতা ছাড়া । নিজের পরিচয়টি সবছেয়ে বড় । কারন, তা স্বঅর্জিত, পরিশ্রমের ফসল। যেহেতু , লব্ধপ্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে স্বকীয়তা ও তৃপ্তিবোধ উভয় বিদ্যমান , এমন ধারনা গুনিজনদের।
ইদানীং মৃত ব্যক্তির খবর প্রকাশেও সম্মানি আত্মীয়ের পরিচয়ে পরিচিতি দেওয়া মুখ্য হয়ে দাঁড়িয়েছে।এজন্য একবার পড়ে তাৎক্ষনিক বুঝা যায় না যে, কে মারা গেছেন। যেমন, উদাহরণ স্বরুপ বলা যায়, অমুক দলের সভাপতি, সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের চক্কু ভাইয়ের বড় বোনের জ্যা’য়ের মামাতো ভাই, আদম আলী অদ্য রাত দশ ঘটিকায় মারা গেছেন। একটি স্পর্শকাতর মৃত্যু সংবাদ এভাবে প্রচার করার মধ্যে অর্জন কি ? আমার ক্ষুদ্র জ্ঞানে অংক মেলানো ভার। মৃত ব্যক্তি ও তাঁর পিতাজীর নামটা লিখলেই যথেষ্ট বলে আমার অভিমত।মৃত লোকের আত্মার মাগফেরাতের জন্য দোয়া চাইতে সকল আত্মীয় কুটুমের পরিচয় দিতে হবে, সব টাইটেল যোগ করতে হবে, এমন বাধ্যবাদকতা কোথাও লিখা আছে বলে আমার জানা নেই। যাঁরা এই কাজটি করেন, অনুগ্রহ পুর্বক বলছি, একটু ভেবে দেখবেন ,কাজটা কি ঠিক করছেন ?
পক্ষান্তরে, এই মৃত্যু সংবাদটি যদি এইভাবে বলা হতো যে, অদ্য আদম আলী মারা গেছেন, তারপর উনার সম্পর্কে কিছু বলা হলে অন্তত: প্রথম দর্শনেই যেকোন লোক বুঝে নেবে কে মারা গেছেন । এ প্রসঙ্গে ছোটবেলার একটি কথা মনে পড়ছে, শহরাঞ্চলে প্রায়শই বেবি টেক্সির মাধ্যমে ওয়াজ মাহফিলের প্রচারাভিয়ান শুনতাম এইভাবে” অদ্য ওয়াজ ফরমাইবেন কুকিল কন্ঠি আলীমে দ্বীন , মোফাচ্ছিরে কোরআন বুলবুলে বাঙ্গাল ,শের-এ-শায়ের হয়রত মৌলানা”, – এই পর্যন্ত শুনারই সৌভাগ্য হতো। ততক্ষনে বেবি টেক্সি দৃষ্টিসীমার বাইরে যেমন চলে যেত ঠিক তেমনি মাইকের আওয়াজও আর কানে আসতো না বিধায় হুজুরের নাম আর শুনা হতো না । টাইটেল শুনে বাকীটা আঁচ করে নিতাম, এখানেই সন্তুষ্টি ছিল। ঠাট্টারচ্ছলে অগ্রজ অধ্যক্ষ জনাব কোরেশ খান জিজ্ঞাসা করতেন, কিরে হুজুরের নাম শুনেছিস ?
অনৈতিক আচরন, তেলমারা ,তোষামোদী আর অচিন্তনীয় তুগলকী কান্ডে দেশের আবহমন্ডল সম্পুর্ণভাবে অনাবাসযোগ্য ও দুষিত হয়ে পরেছে। সর্বত্র চাটুকারীতা আর চাটুকারদের নগ্ন নৃত্য চলছে। মনে হয় দেশ যেন এক অনিশ্চিত গন্তব্যে পানে ছুটে চলছে ।
মহামারি দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন অনেকে। এখানেও দেখা যায় ক্ষমতাধর নেতা নেত্রীর সম্পৃক্তকরণ মুখ্য হয়ে দাঁড়ায় । বড় করে ব্যনারে লিখা হবে, অমুক নেতার নির্দেশে ত্রান বিতরণ করা হচ্ছে । দুর্দশাগ্রস্হ মানুষের মধ্যে ত্রান বিতরণ করা’কে রাজনীতিকরন করার পেছনে কি মহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছ ,একমাত্র আল্লাহ ভাল জানেন। তবে সম্পুরক একটি প্রশ্ন আমার উর্বর মস্তিষ্কে উদিত হয় এই যে, দুর্যোগে মানুষের কষ্ট লাঘবের নিমিত্তে যাঁরা মহানুভব হৃদয় নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল তাঁরা কেন নেতার নির্দেশে তা করবে ? তাঁদের কি নিজেদের জ্ঞান বুদ্ধির কমতি রয়েছে ? সাহায্য কা’কে করবে কখন করবে তাও কি নেতাই নির্ধারণ করবেন ? স্হানীয়ভাবে যাঁরা বিপদে মানুয়ের পাশে দাঁড়ান , তাঁরা মানবিক ঐ কাজের মাধ্যমে মানবতার এক প্রজ্জ্বলিত উদাহরণ সৃষ্টি করতে পারেন , উত্তরসূরিদের জন্য। তা না করে বেহায়াপনা আর পদলেহন নীতি অঙ্গে ধারন করে নেতার জপনামে বিভোর। এই তোষন নীতির অপসংস্কৃতির অক্টোপাস ছিন্ন করে বেরিয়ে আসতে হবে । সর্বাগ্রে , জরুরী মনে করে ।
নেতার প্রতি আনুগত্য থাকা ভাল , দাসসুলভ মনোভাব পরিত্যাগ করা অপরিহার্য । ঠিক তেমনি পরিচিত মুখ আত্মীয় থাকা কোন দোষের কিছু নয় , পরিচয় দেওয়াও ভাল কথা । তবে এমন কোন আত্মীয়র কথা বলবেন না , যিনি আপনাকে চিনেনই না । আর বিশেষ করে কোন মরহুমের বেলায় এমন আত্মীয়র পরিচয় না দেওয়াই উত্তম। আশাকরি এই সদ্ জ্ঞান আমাদের সকলের মধ্যে রয়েছে ।
লেখক: বৃটেন প্রবাসী উপন্যাসিক ও কলামিস্ট।

