এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যা জানালেন শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, ‘এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে পরীক্ষা গ্রহণের দুই সপ্তাহ আগে সবাইকে জানানো হবে।’

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব হোসেন।

এইচএসসি পরীক্ষা নিয়ে সচিব মাহবুব হোসেন বলেন, ‘আমরা যখনই পরীক্ষ নেব, এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে একটি ঘোষণা করবো। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো। এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।’ তিনি বলেন, ‘এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, আমি বলবো যে সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়। আমি অনুরোধ করবো, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।’

সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো। পরীক্ষার তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাবো। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত, আগেও প্রস্তুতি ছিল। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করবো, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথ অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করবো। আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাবো।’ তিনি আরও বলেন, ‘শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।’ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মাহবুব হোসেন বলেন, ‘আমরা কাছাকাছি সময়ে যেয়ে তখন আমরা সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের পরে আমরা এক সময় ঘোষণা করবো। যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো তখনই জানাবো।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.