পাপুলকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মানবপাচার ও মুদ্রাপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব প্রমাণিত হলে তার আসন শূন্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশীদের বক্তব্যের জবাবে একথা জানান তিনি।

হারুন-অর রশীদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বলেন, পাপুল কুয়েতে সে দেশের নাগরিক হিসেবে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক কখনো এদেশের সংসদ সদস্য হতে পারেন না।

এ সময় নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘কুয়েতের সে নাগরিক কি-না, সে বিষয়ে কুয়েতের সঙ্গে আমরা কথা বলছি। আর যদি এটা হয়, তার পদটি খালি করে দিতে হবে। সবকিছু আইন অনুযায়ী চলবে।’

তিনি বলেন, ‘তিনি (পাপুল) কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে আমাদের নমিনেশন চেয়েছিল আমি কিন্তু তাকে নমিনেশন দেইনি। কিন্তু সে স্বতন্ত্র ইলেকশন করে এসেছে। ওই আসনটি আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির যে নমিনেশন পেয়েছিল, সে ইলেকশন করেনি। এর ফলে ওই লোকটি জিতে আসে। এরপর তার ওয়াইফ (সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম), সেও যেভাবেই হোক আসে। কাজেই এখানে আমাদের করার কিছু নেই।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.