হঠাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা-সংক্রান্ত মিডিয়া সেলের প্রধানকে বদলি

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও দুই অতিরিক্ত সচিবের পর এবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণের অবনতির মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কভিড-১৯ সংক্রান্ত মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য গণমাধ্যমকে জানাতে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়।

৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের দায়িত্বে আনা হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানকে।

এরপর ৮ জুন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন অনুবিভাগ) মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.