‘রামায়ণ’ দেখতে গিয়ে খাওয়া যাবে না আমিষ খাবার !

সিনেমা দেখতে গিয়ে পপকর্ন, স্যান্ডউইচ কিংবা পছন্দের খাবার খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু রণবীর কাপুরের ‘রামায়ণ’ দেখতে গেলে সেই অভ্যাসে কিছুটা বদল আনতে হবে দর্শকদের। ছবির প্রদর্শনী চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আর পাওয়া যাবে না কোনও আমিষ খাবার। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেন এসভিএফ সিনেমাস (SVF Cinemas)। তবে এই নিয়ম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কেন এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?

আসলে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana: Rise of a Legend) ছবির ধর্মীয় আবেগ ও দর্শকদের বিশ্বাসকে সম্মান জানাতেই এই পদক্ষেপ। মঙ্গলবার সংস্থার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ৩০টি জায়গায় মাল্টিপ্লেক্স রয়েছে এসভিএফ সিনেমাসের। সংস্থার তরফে জানানো হয়েছে, ছবির প্রদর্শনী চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবারই পরিবেশন করা হবে।

 

সংস্থার এক মুখপাত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমে  জানিয়েছেন, কিছু ছবি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস ও আবেগও। সংস্থার বক্তব্য, ‘রামায়ণ’ ছবিতে যখন হনুমান চালিশা বাজে, তখন গোটা প্রেক্ষাগৃহের পরিবেশ অনেকটা মন্দিরের মতো হয়ে ওঠে। সেই আবেগকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

এর আগেও পৌরাণিক কাহিনি নির্ভর ছবি দেখতে গিয়ে দর্শকদের মধ্যে বিশেষ ধরনের ভক্তির প্রকাশ দেখেছে এসভিএফ। ২০২৪ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি ‘মহাবতার নরসিংহ’ দেখতে গিয়ে অনেক দর্শক স্বেচ্ছায় প্রেক্ষাগৃহের বাইরে জুতো খুলে রেখেছিলেন। আবার ‘হনুমান অংশ’ ছবির প্রদর্শনীর সময় দর্শকদের একাংশ হলের ভিতরে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ‘রামায়ণ’-এর ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 এসভিএফ স্পষ্ট জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র ‘রামায়ণ’ ছবির প্রদর্শনীর ক্ষেত্রেই কার্যকর হবে। অন্য কোনও সিনেমার ক্ষেত্রে খাবার পরিবেশনের নিয়মে বদল আসছে না। এমনকি ‘রামায়ণ’ চলাকালীনও প্রেক্ষাগৃহের বাইরের ফুড কাউন্টারে আমিষ ও নিরামিষ, দু’ধরনের খাবারই পাওয়া যাবে। অর্থাৎ আমিষ খাবার কেনার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না, শুধু হলের ভিতরে তা নিয়ে প্রবেশ করা যাবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.