ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯ টা ১৫ মিনিটের দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে আওয়ামী লীগের কর্মীসমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

এ সময় সেখানে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে একা পেয়ে তার উপর হামলা চালায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া ককটেলে গুরুতর আহত হন রাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রাজু মোল্লার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুকে তারা রাস্তায় একা পেয়ে তার উপরে হামলা করে। তাকে পিটিয়ে ও ককটেল মেরে হত্যা করেছে।

ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক রাত ৯ টা থেকে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল । এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.