একদিনেই প্রায় ২০ হাজার! অতীতের সব রেকর্ড ভেঙে দিল ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল রবিবারও। এদিন ফের রেকর্ড গড়ল নতুন COVID-19 আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্যেও স্বস্তির খবর, ভারতে করোনাজয়ীর সংখ্যাটাও পেরিয়ে গিয়েছে ৩ লক্ষ।
রবিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ জনে। এদের মধ্যে ৩ লক্ষ ৯ হাজার ৭১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ০৩ হাজার ৫১ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৯৫ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লক্ষ ৩১ হাজার ৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৬২ লক্ষ ২৭ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষার হার লাগাতার বাড়ানোর চেষ্টা করছে ভারত সরকার। সুত্র, সংবাদ প্রতিদিন ।

