তথ্য ধামাচাপা দিয়ে রাখবেন না , সত্যটা জানানঃ মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন ,      স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ‘বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ২-৩ বছর চলতে পারে’ বলে যে বিবৃতি দিয়েছিলেন, তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। দিনের ব্যবধানে তিনি বক্তব্যটি ভুল ছিল বলে প্রত্যাহার করে নিলেও পত্রিকান্তরে প্রকাশ, এই কাজটি তাঁকে সরকারের চাপে করতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যিনি সর্বদা সরকারের স্তুতি গীত করেন, তিনিও কি স্বাধীনভাবে কোন কথা বলার অধিকার রাখেন না? ২-৩ বছর সংক্রমণ চলবে – কথাটি ভুল ছিল বললেও স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের কোন মহল থেকেই আসলে এই সংক্রমণ কতদিন চলতে পারে বলে গবেষণা তথ্য রয়েছে – তা জানায়নি। সরকারের কাছে দাবি করব, আপনারা সত্যিটা প্রকাশ করেন। লুকিয়ে রাখতে পারবেন না। তাতে সংকট আরো ঘনীভূত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রত্যাহারকৃত বক্তব্যে ২-৩ বছর ধরে সংক্রমণ চলবে (সময়ের সাথে সাথে প্রকোপ কমতে থাকবে) বলে তিনি যে ইঙ্গিত করেছেন, তা থেকে বাঁচার জন্য কোন উদ্যোগ নেয়া হয়েছে কিনা, তা বলেননি।

উপরন্তু সরকারের চাপে (পত্র পত্রিকার খবর অনুযায়ী) এই বক্তব্য প্রত্যাহার, করোনা সংক্রমন মোকাবেলায় সরকারের অক্ষমতা আরো স্পষ্ট করল। পাশাপাশি এটি মত প্রকাশের স্বাধীনতায় সরকারের আরেকটি হস্তক্ষেপ। তথ্য ধামাচাপা দিয়ে রাখবেন না। মানুষকে সত্যটা জানান। যদি আসলেই সংক্রমণ দীর্ঘায়িত হয়, তাহলে এখনই সমন্বিত, দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। সবাইকে সাথে নিয়ে দেশের মানুষকে বাঁচান। আর যদি না পারেন, তাহলে গদি ছেড়ে দেন; সঙ সেজে সরকারে বসে থাকার কোন মানে হয় না।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.