ঘরে থাকুন, আমরা খাবার পৌঁছে দেব : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের মাধ্যমে হতদরিদ্র দিনমজুর, কর্মহীন রিকসা ও ভ্যান চালক এবং অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ নগর ভবনে করপোরেশনের ১০টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে হতদরিদ্র এসব দিনমজুরদের মধ্যে বিতরণের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০টি করে প্যাকেট হিসেবে ১০টি ওয়ার্ডের জন্য ৫০০০ প্যাকেট তুলে দেওয়া হয়। ওয়ার্ড সমূহ হল : ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ ।

কাউন্সিলরগণ তালিকা অনুযায়ী এসব খাদ্যসামগ্রী আগামীকাল থেকেই বিতরণ করা শুরু করবেন। সাঈদ খোকন বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।

এর আগে বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকশা ও ভ্যানচালকদের মাঝেও মেয়র সাঈদ খোকন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। তিনি নাগরিকদের ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা আহ্বান জানিয়ে বলেন, আপনাদের নির্বাচিত মেয়র আপনাদের পাশে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা তার সৈনিক হিসেবে আপনাদের পাশে আছি। আপনারা ঘরে থাকুন। আমরা আপনাদের জন্য খাবার পৌঁছে দেব। পর্যাপ্ত খাবার রয়েছে। আপনাদের একটু অসতর্কতা আপনার নিজের ও প্রিয়জনের ক্ষতির কারণ হতে পারে।

এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক ও ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.