কৃষকদের প্রণোদনা দেয়ার নামে প্রহসনঃমান্না

নতুন করোনা ভাইরাস কোভিড ১৯ এর খুব খারাপ প্রভাব পড়েছে পোশাক শিল্পসহ রপ্তানিমুখী শিল্পের উপরে। কিন্তু এর প্রভাব আরো অনেক বেশি খারাপভাবে পড়েছে দেশের কৃষি খাতে। অথচ এই খাতে প্রণোদনার নামে যা ঘোষণা করা হয়েছে সেটা স্রেফ এক প্রহসন।

সরকারি ছুটিতে অঘোষিত লকডাউন এর ফলে দেশের কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এছাড়াও এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি মানুষ কাজ হারানোর ফলে তাদের ক্রয়ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাওয়ার ফলে বাজারে কৃষি পণ্যের চাহিদাও এখন সর্বনিম্ন পর্যায়ে। ফলে পচনশীল এসব পণ্য উৎপাদনকারীরা ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন।

পত্রিকার খবরে দেখা যায় এর মধ্যেই পোল্ট্রি, ডেইরি, মৎস্য এই খাতগুলো একেবারেই ধসে পড়েছে। এই খাতগুলোতে বিনিয়োগকৃত অত্যন্ত বড় অঙ্কের অর্থ এবং এতে জড়িত মানুষদের কর্মসংস্থান হুমকির মুখে। একই অবস্থা সব্জি উৎপাদনকারীদের‌ও। এর মধ্যে সামনে নতুন আশঙ্কার পরিস্থিতি তৈরি করছে আসন্ন বোরো ধান কাটার মৌসুম।

এই সময়ে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা বোরো ধান কাটার জন্য ধান উৎপাদনকারী এলাকাগুলোতে যায়। এবার অঘোষিত লকডাউনের কারণে সেটা সম্ভব হচ্ছে না। এতে অনেক ধান যেমন নষ্ট হবার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি অনেক কৃষি শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে যাবে। কৃষক যেন বোরো ধান কেটে তার ফসল ঘরে তুলতে পারে সেই ব্যাপারে সরকারকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কৃষক বোরো ধান কাটার সময়‌ই তার ওপরে বাকিতে নেয়া বীজ-সার-কীটনাশক-সেচ এর মূল্য এবং ঋণ পরিশোধের চাপ থাকে। ফলে কৃষককে সব সময়ই উৎপাদন মূল্যের চাইতেও কম মূল্যে ধান বিক্রি করে দিতে হয়। যার সুফল পায় বড় চালকল এবং চাতাল মালিকরা।

এদিকে করোনা সংকটের কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় খুব বড় রকমের বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে একটা বড় খাদ্য ঘাটতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কোয়েড ডংইউ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রধান টেড্রাস অ্যাধনাম ঘেরবাইয়াসিস এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পরিচালক রবার্তো আজেভেদো স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে।

ফলে এই বৎসর সরকারকে আগের বছরের তুলনায় ধান-চালের সংগ্রহ অনেক বেশি বাড়াতে হবে। অথচ এই বছরের ঘোষিত বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় মাত্র তিন লাখ টন বেশি। এটার পরিমাণ আরও অনেক বৃদ্ধি করতে হবে। ধান চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে সরাসরি কেনাকে প্রাধান্য দিতে হবে যেন এর সুফল প্রান্তিক কৃষক পর্যন্ত পৌঁছে। ধান বিক্রি করে যেন কৃষক তার দায় শোধ করতে পারে। সামনে আউশ মৌসুম, তাই খাদ্য নিরাপত্তার কথা ভেবে এই মৌসুমে চাষের জন্য কৃষি উপকরণ সুলভে এবং সহজে কৃষকের হাতে পৌঁছে দেয়ার প্রতিও সরকারের গুরুত্বপূর্ণ দৃষ্টি দেয়া জরুরি।

আজ প্রধানমন্ত্রী কৃষির জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন; গতানুগতিকভাবে এটাও ঋণ। এই টাকা থেকে ঋণ নিতে পারবেন গ্রামাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষক যারা পোল্ট্রি, কৃষি ফার্ম, ফলমূল, মসলা জাতীয় খাদ্য পণ্য উৎপাদন করেন। ইতোপূর্বে উল্লেখিত সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এই প্রণোদনার অংক একেবারেই হাস্যকর। এর পরিমান আরও অনেক বৃদ্ধি করতে হবে।

দেশের শিল্প এবং সেবা খাতের জন্য ৭৩ হাজার কোটি টাকার ঋণ প্রণোদনা হিসেবে ঘোষণা করা হয়েছে। ‌ এর মধ্যে মাত্র ২% সার্ভিস চার্জ দেয়া ঋণ যেমন আছে তেমনি সরকারি ভর্তুকি দেয়ার পরে ৪ থেকে ৪.৫ শতাংশ সুদে দেয়া ঋণ‌ও আছে।

আর্থিক সামর্থ্যে অনেক শক্তিশালী শিল্পপতি এবং ব্যবসায়ীদের যে সুদে ঋণ দেয়া হয়েছে, মাঝারি এবং ক্ষুদ্র কৃষককে তার চাইতে বেশি সুদে ঋণ (৫% হারে) দেয়া একেবারেই অমানবিক। আমরা মনে করি, এই হার মাঝারি কৃষকের জন্য ২ শতাংশ এবং ক্ষুদ্র কৃষকের জন্য সুদমুক্ত ঋণ হওয়া উচিত। শুধু তাই নয়, একেবারে প্রান্তিক কৃষকের জন্য অফেরযোগ্য অনুদান দেয়া উচিত।

অদ্ভুত ব্যাপার হলো, এই ঋণ আগামী অর্থবছরের জন্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এই ঋণের প্রাথমিক কাজ শুরু হবে আগামী জুলাই মাসে। অথচ কৃষির জন্য প্রণোদনা এই মুহূর্তেই জরুরী, তাই এর প্রক্রিয়া এই মুহূর্তেই শুরু করতে হবে।

দেশের জিডিপিতে কৃষি খাতের অবদান আনুপাতিক হারে ধীরে ধীরে কমছে। কিন্তু বাংলাদেশের জন্য এখনো কৃষির গুরুত্ব অনেক বেশি, কারণ এখনো আমাদের দেশের সর্বোচ্চ সংখ্যক কর্মসংস্থান হয় কৃষিতেই‌। এই সংখ্যা আড়াই কোটির বেশি।

কৃষির কর্মসংস্থান অপ্রাতিষ্ঠানিক বলে এমনিতেই কৃষিতে নিযুক্ত মানুষজন নানারকম ক্ষতি এবং বঞ্চনার শিকার হন। বর্তমান সংকটে এই সেক্টরের মানুষরা স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর বিপদে পড়েছেন। এদের জন্য খুব দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে, তাদের জীবন যেমন হুমকির মধ্যে পড়বে তেমনি দেশ দুর্ভিক্ষাবস্থায় প্রতিত হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে।

এই প্রেক্ষাপটে কৃষির জন্য ঘোষিত তথাকথিত প্রণোদনা প্যাকেজ বাতিল করে আমাদের গাইডলাইন অনুসারে সম্পূর্ণ নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছে নাগরিক ঐক্য।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.