স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

 স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের প্রভাবে স্লোভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ম্যাটলিকায় আরও একজনের মৃত্যু হয়েছে, গতকাল ২২শে মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় স্লোভেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী টমাজ গ্যানটারের পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়। তবে স্থানীয় বেশ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে যে এ ব্যক্তি সম্প্রতি প্যারিস ভ্রমণ করেছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত স্লোভেনিয়াতে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে তবে টমাজ গ্যানটারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাঁদের দুইজনেরই বয়স ছিলও ৯০ এর ওপরে এবং তাঁরা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অন্যদিকে স্লোভেনিয়াতে গত ২৪ ঘণ্টায় আরও নতুন করে ৩১ জন কোবিড-১৯ খ্যাত নোভেল করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন, এ নিয়ে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চারশো ছাড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত স্লোভেনিয়াতে ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়েছে।গত ১৯ মার্চ বৃহস্পতিবার করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সম্পূর্ণ স্লোভেনিয়াকে লক ডাউন করার ঘোষণা দেওয়া হয়েছিলও যা এখনও অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য অনেক দেশের মতো স্লোভেনিয়াতেও অর্থনৈতিক এবং পর্যটন খাতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত বছরের সেপ্টেম্বর মাসে স্লোভেনিয়ার সরকারের ম্যাক্রোইকোনোমিক অ্যানালাইসিস সেন্টারের পক্ষ থেকে চলতি অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধি ধরা হয়েছিলও সাড়ে তিন শতাংশ যেটি দেড় শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে দেশটির অনেক অর্থনীতিবিদ ধারণা করছেন। বিশেষ করে বার, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ থাকায় দেশটির অনেক মানুষই বিপাকে পড়েছেন, উদ্ভূত পরিস্থিতির সামাল দিতে স্লোভেনিয়ার অর্থমন্ত্রী আন্দ্রেই শিরচেলি বিভিন্ন মেয়াদে সহজ শর্তে ঋণ ও বিভিন্ন ধরণের আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গতকাল স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনশার পক্ষ থেকে গতকাল এক টুইটার বার্তায় করোনা ভাইরাস পরিস্থিতিকে ১৯৯১ সালে স্লোভেনিয়ার স্বাধীনতা পরবর্তী সময়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করেছেন এবং এ পরিস্থিতির মোকাবেলায় সকলকে মনোবল না ভেঙ্গে একযোগে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।
রাকিব  হাসান রাফি/শুদ্ধস্বর ডটকমের স্লোভনিয়া প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.