রাশিয়া-ইউক্রেনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের উদ্যোগ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছে।

এই বিষয়ের আরও খবর: 

জেলেনস্কির ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির কথাও তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তাঁর মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।

জেলেনস্কি জানান, এ বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি আলোচনার পর্ব থেকে সুনির্দিষ্ট অগ্রগতি আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। আলোচনার মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানান তিনি। তবে তাঁরা আলাদা পক্ষ হিসেবে নয়, আলোচক দলের সদস্য হিসেবেই যুক্ত থাকবেন।

জেলেনস্কি বলেন, আলোচনায় ইউরোপের মতামত দেওয়ার সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে। ইউরোপের অংশগ্রহণ দেশটির সমৃদ্ধি ও নিরাপত্তার নিশ্চয়তার জন্যও জরুরি।

এদিকে বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর আগের দিন আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বশেষ শান্তি আলোচনা শেষ হয়।

বন্দিবিনিময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতিকে চলমান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বন্দিবিনিময়ের তারিখ, বন্দির সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আনাদোলু

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.