কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। চিকিৎসা নেয়া বেসরকারি হাসপাতালে লোক সমাগম সীমিত করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর বয়স আনুমানিক ৩০ বছর। ফেব্রুয়ারির ২৬ তারিখে তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন এবং এই ভাইরাসে প্রাণ হারানো মানুষের সংখ্যা ছিল ২। গতকাল রবিবার (২২ মার্চ) দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৭ জনে। গতকাল প্রর্যন্ত দেশের কোথাও কোনো প্রাণহানি না ঘটলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ জন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

