করোনাভাইরাসে বাংলাদেশে সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় তা নিয়ন্ত্রণে দেশের সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেই নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে।
সমন্বয় কার্যক্রম শেষে বুধবার (২৫ মার্চ) সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন নেওয়া পদক্ষেপগুলো সহায়তা ও সমন্বয় করবে। এছাড়াও সেনাবাহিনী বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিক্যাল সহায়তা দেবে।
নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।

