বগুড়া শহরের কলোনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও কমপক্ষে ১৫ মামলার আসামি কবির হোসেন মিনকো দু’দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় গোলাগুলির শব্দ শুনে জেলা পুলিশ বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ওসি (সদর) এসএম বদিউজ্জামান, ওসি (ডিবি) আসলাম আলীসহ তাদের টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করেন। মিনকোর বাবার নাম মো. আজিজুল হক। তিনি চক ফরিদ কলোনির বাসিন্দা।
সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ৬টি জিডি এন্ট্রি হয়েছিল বলেও জানান তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

