বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দুদককে ১ জুনের মধ্যে রিটকারীর আবেদন নিষ্পত্তি করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক আদেশ দেন।
নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন।
সংসদ সদস্য অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে গতবছর ১১ ডিসেম্বর দুদকের কাছে আবেদন করেন রিট আবেদনকারী। কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত ৮ মার্চ আইনজীবী তৌহিদুল ইসলাম কেশব রঞ্জন সরকারের পক্ষে হাইকোর্টে এই রিট আবেদন দাখিল করেন।
শুদ্ধস্বর/আইপি

