স্লোভেনিয়াতে করোনা ভাইরাস,সকল শিক্ষা-প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

 স্লোভেনিয়াতে একে একে বেড়েই চলছে কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা, শেষ খবর পাওয়া পর্যন্ত এ পর্যন্ত ২২ জনের শরীরে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। সর্বশেষ গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় দেশটির স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং দেশটির সর্বত্র মানুষের যাতায়াতের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে এবং কনসার্টসহ সকল ধরণের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যেখানে একই সাথে অধিক লোকের সমাগম হয়। এছাড়াও স্লোভেনিয়ার সাথে ইতালির সীমান্ত যোগাযোগ আপাততঃ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশটির সকল শিক্ষা-প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সারা পৃথিবীতে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ করোনা ভাইরাসের প্রভাবে স্লোভেনিয়ার মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়াবহ প্রভাব ফেলেছে এবং ব্যবসা-বাণিজ্য কিংবা পর্যটনসহ সকল খাতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু স্লোভেনিয়া ইতালির পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ঐতিহাসিকভাবে ইতালি এবং স্লোভেনিয়া এ দুইটি দেশ বিভিন্ন ভাবে একে-অপরের সাথে সংযুক্ত তাই ইতালিতে ভয়াবহ রূপ ধারণ করা করোনা ভাইরাসের প্রভাব যে কোনও মুহূর্তে স্লোভেনিয়ার ওপর গিয়ে পড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞ ইতোমধ্যে তাঁদের মতামত প্রকাশ করেছেন।তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলেস সাবেদার কাউকে অহেতুক ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সবাইকে সর্বদা পরিচ্ছন্নতা মেনে চলার জন্য ইঙ্গিত দিয়েছেন।

রাকিব হাসান, শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.