কাদেরকে ফোন করেননি ফখরুল, যা বললেন খালেদা জিয়ার প্যারোল সিদ্ধান্তে

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোল কিংবা তাঁর মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করার বিষয়টি অস্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তো কোনও প্যারোল নিয়ে কথা বলিনি। আমরা তো উনাকে (ওবায়দুল কাদের) ফোনও করিনি। আমাদের দল থেকে আজ পর্যন্ত বলেছি কি? তো এটা নিয়ে কথা বলা কতটা সঠিক হয়েছে সেটা তিনি (ওবায়দুল কাদের) বিবেচনা করবেন।’

বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন সম্পূর্ণ তাঁর পরিবারের ব্যাপার। এ সিদ্ধান্ত বেগম জিয়া নিজে কিংবা তার পরিবারের সদস্যরাই নেবেন।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে ফখরুলে বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শরীরের যে অবস্থা তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা বলেছি যে, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারাগারের মধ্যে।’

তিনি বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত। কারণ এই দেশে সত্যিকার অর্থে যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হয় সেটা বেগম খালেদা জিয়াকে ছাড়া হবে না।’

দলের চেয়ারপারসনের মুক্তিতে আবারও আন্দোলনের ওপর আস্থা রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আকাঙ্ক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া সেই মুক্তি দিতে সরকার বাধ্য হবে। অবশ্যই জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা এগিয়ে আসবে।’

বেগম জিয়ার মুক্তির দাবিতে গত দুই বছর ধরেই বিএনপি আন্দোলনে আছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বয়ক ড.কাজী মনিরুজ্জামান মনিরসহ তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.