উঁচু পাহাড়। তার উপরে আকাশ। আকাশের সীমানা অদৃশ্য। সেই অদৃশ্যকে ছুঁয়ে ফেলা চূড়াকে ছাদ বলে জানে পৃথিবীর মানুষ। পামির মালভূমি।উত্তর- পূর্ব দিকে তিয়েনশান,দক্ষিণ- পশ্চিমে কারাকোরাম,দক্ষিণে পর্বতপতি হিমালয়।
আমি সমুদ্র। অথৈ জামান সমুদ্র।পেশায় একজন এসপিওনাজ।রাষ্ট্রের উর্ধতন কয়েকজন কর্মকর্তা ছাড়া আমার এই পরিচয় কেউ জানে না। আমার বন্ধু-বান্ধব,পরিবার কেউ জানে না। পামির মহাসড়ক ধরে এগিয়ে চলছে আমাকে বহন করা গাড়ীটি। আমার হাত পা এবং চোখ বাঁধা।রাষ্ট্রীয় এক গুরুত্বপূর্ণ মিশনে এসেছিলাম আমরা ৩ সহকর্মী।মাত্র কিছুক্ষন আগে নিজের এক সামান্য একটা ভুলের কারণে আমরা শত্রুপক্ষের জালে ফেসে গেছিলাম। শত্রুর গুলিতে দুজন স্পট ডেট। আর আমি আহত হয়ে বন্দী হয়েছি। আমি জানি ওরা আমার সাথে কি করবে একটু পর। তথ্য বের করবার জন্য যতরকম বিভৎস্য পন্থা আছে সব ব্যবহার করবে। তারপর গুলি করে মেরে ফেলবে।ওদের জায়গায় আমি হলে আমিও তাই করতাম।গাড়ি এগিয়ে চলছে উচু নীচু পথ পেরিয়ে। পথে কোথাও কোথাও অজানা বুনো ফুলের তীব্র মিষ্টি সুবাস ভেসে আসছে নাকে। আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলছি।মৃত্যুর কথা ভেবে বেশ ভালই লাগছে। বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম ছুটতে ছুটতে।আমি জানি আমার মৃত্যুর কথা জানবে না কেউ।জানতে পারবে না। এসপিওনাজ দের মৃত্যুর কথা কেউ জানতে পারে না।রাষ্ট্র আমার পরিচয় অস্বীকার করবে। মুছে ফেলবে আমার নাম-নিশানাও। এইটাই এসপিওনাজ জগতের ধর্ম।
ঠিক কবে এই এসপিওনাজ জগতে আমার পথ চলা শুরু হয়েছিল মনে করতে পারছি না। তবে কখনোই এই অনিশ্চিত জীবন চাইনি আমি।ছাত্রজীবনে খুব বেশি মেধাবী ছাত্র না হলেও খারাপ ছিলাম না।প্রেমের কবিতা লেখা আবেগপ্রবন সেই সহজ সরল ছেলেটা থেকে আজকের এসপিওনাজ জগতের নাম করা একজন এজেন্ট হয়ে ওঠাটা খুব সহজে হয়নি।মনের কঠোরতা তৈরী করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে আমাকে।
মনে মনে আমি মৃত্যুর জন্য তৈরী হচ্ছি।সত্যি কথা বলতে মৃত্যু ভয় বলতে আমার তেমন কিছু নেই। প্রতিনিয়ত এত মৃত্যু দেখেছি চোখের সামনে যে, মৃত্যুভয়টাই চলে গেছে। অবশ্য জীবনে কোনদিনই মৃত্যুকে আমি ভয় পাইনি। জীবনের প্রথম যেদিন সুইসাইড করতে গেছিলাম সেদিনও ভয় পাইনি।কেন যে সুই্সাইড করা হয়নি সেদিন কারণটা এখন মনে পড়ছে না। তবে সুইসাইড করতে যাওয়ার কারণ টা বেশ মনে আছে। নৈঃশব্দবতীর সাথে সেদিন ছিল আমার শেষ দেখা।জুলাইয়ের অবিশ্রান্ত বর্ষনে পৃথিবী তখন জলময়। অবিরাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কাঁদছিলাম আর আল্লাহ,ঈশ্বর,গড,ভগবান সবাইকে ডাকছিলাম। কিন্তু নাহ! সেদিন কেউ আমার কথা শোনেনি। আমার নিষ্পাপ প্রেমিক হৃদয়ের আকুতি সেদিন সপ্ত আসমান পেরিয়ে আরশ মহল্লায় পৌছাতে পারেনি। পারেনি আমার হাহাকার জাগানো কাতর আবেদন দূর্গম মৃত্যুর উপত্যকা পেরিয়ে হিমালয়ের কৈলাসে আদিশক্তি মহামায়া কিংবা দেবাদিদেব মহাদেবের কানে পৌছাতে।দুধসাগর পাড়ি দিয়ে,শীষ নাগকে ফাঁকি দিয়ে বৈকুন্ঠে নারায়নের কাছে পৌছায়নি আমার কোন আর্তনাদ। ঈশ্বরের সব রুপকে আহবান করেও সেদিন আমি আমার প্রেমিকা কে ফিরে পাইনি। এই মুহুর্তে আবার কেন তার কথা মনে পড়ছে জানি না। খুব অবাক লাগছে ভেবে যে,এত কষ্ট করে মনের এমন কঠোরতা তৈরী করেছি যা শত রক্তসাগর আর মৃত্যুর নিষ্ঠুরতা দেখেও স্বাভাবিক থাকতে পারে। অথচ সেই অনেক বছর আগে ভালবাসা একজন কিশোরীর কথা ভেবে হৃদয় প্রকম্পিত হচ্ছে।সেই যেন সিগারেট খেয়ে তার কাছে ধরা পড়বার পর ভয় কম্পিত মুহুর্তের আমি টা। সিগারেটের কথা মনে হতেই বেশ সিগারেটের পিপাসা পেয়ে বসলো। অনেক ঘন্টা সিগারেট টানা হয়নি।এই মুহুর্তে একটা সিগারেটের বিনিময়ে আমি স্বর্গের অফার ফিরিয়ে দিতে পারি।আফসোস হচ্ছে। খুব আফসোস হচ্ছে। নিজের বোকামীর জন্য দুই সহকর্মীর জীবন চলে গেল। কিন্তু কি করব? কি করবার ছিলো আমার? এত কঠোর পরিশ্রমের পরও কেন যে পুরনো ইমোশন টা আবার ভেসে উঠবে সেটা ভাবতে কয়েক সেকেন্ড সময় বেশি লেগেছিল। খবর ছিল মোসাদ সহ ছয় পশ্চিমা সংস্থা পামিরে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ একটা মিটিং এ।তারা দক্ষিন এশিয়ায় কিছু একটা ঘটাতে চায়।সেই মিটিং ভেস্তে দেয়ার দায়িত্ব ছিল আমার উপর। বাছাই করা চৌকস দুই সহকর্মীকে সাথে নিয়েছিলাম এই মিশনে।এসপিওনাজ জগতের এমন কোন জাল নেই এই ত্রয়ী কে আটকাতে পারে।কিন্তু বাঙ্গালী বরাবরই বিশ্বাসঘাতক। যখন খবর পেলুম ওরা বা্ঙালী এক তরুণী কে অ্যাপয়েন্ট করেছে আসন্ন সার্ক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পর উধর্তন নেতৃবৃন্দের রুদ্ধদ্বার মিটিং টি গোপনে রেকর্ড করবার জন্য,তখন সেই মেয়েটিকে দেখবার খুব সাধ হয়েছিল। আর সেই সাধটা মিটেও গেল দুই সহকর্মীর মৃত্যু আর নিজের বুকে তপ্ত বুলেটের আঘাতে। মুখটা যখন প্রথম চোখের সামনে চলে আসলো নিজের চোখ কে বিশ্বাস করতে কয়েক সেকেন্ড দেরী হয়ে গেলো।ভুলে গেলাম গুলি চালাতে।আর তার খেসারত দিতে হলো এভাবে। সেই অনেক বছর আগে শেষবারের মতোন যখন মুখটি দেখেছিলাম তখন মুখটি ছিল আনত। অপরাধবোধের কারণে মুখ তুলে তাকাতে পাচ্ছিলো না। তাই ক্ষমা করে দিয়েছিলাম। আজ আজকের দৃষ্টি ছিল বড্ড প্রফেশনাল।শত্রুর ঘাটিতে আমি যখন সেই বাঙালী তরুণীকে খুঁজে ফিরছি তখুনি সামনে চলে এসেছিল আমার সেই প্রিয় নৈঃশব্দবতীর মুখ। চির মায়ায় ভরা আমার বুকের ভেতরে খোঁদায় করে থাকা নৈঃশব্দবতীর মুখটাকে বিশ্বাসঘাতকের মুখ হিসেবে ভাবতে খুব কষ্ট হচ্ছিলো।দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা মুখ।জায়নাবাদী,স্বার্থান্বেষী পশ্চিমা সংস্থাগুলোর এজেন্ট আমার প্রিয় নৈঃশব্দবতী। কিছু বলার আগেই বুকে গুলি এসে লাগলো।আমি চলছি এক অজানার পথে।কিন্তু আমার আরো কিছুক্ষন বেঁচে থাকা দরকার।বুকের ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু হৃদয় থেকে যে ক্ষরণ হচ্ছে তার যন্ত্রণা অনেক বেশি।নিষ্পাপ,মায়াবতী মুখটাকে দেখে একদিন নাম দিয়েছিলাম নৈঃশব্দবতী। বড্ড যত্ন করে ভালবাসতাম মেয়েটাকে। এসপিওনাজ জগতে আসার পর আর কোন দিন অবাক হইনি।কারণ অভ্যাস্ত হয়ে গেছিলাম সব কিছুর সাথে।
গাড়ি থামার আওয়াজে আমার ভাবনায় ছেদ পড়ে। ভারী বুটের আওয়াজ শুনতে পাই। কয়েকজন এসে পরীক্ষা করে দেখে আমার জ্ঞান আছে কি না। আমি অজ্ঞান হবার ভাণ করে থাকি।স্ট্রেচারে করে আমাকে নিয়ে যায় ওরা একটা ছাউনির ভেতরে।অনেকের উপস্থিতি অনুভব করলাম সেখানে। আমি মনে মনে দীপ্তির কন্ঠ আশা করছিলাম খুব করে। আমাদের এজেন্ট দীপ্তি। ওকে কয়েকমাস আগে এই এলাকায় লোকাল সংস্থাগুলোর সাথে মিশে থাকার জন্য আমিই পাঠিয়ে ছিলাম।
একটু পর একজন ডাক্তার এসে আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করা শুরু করলো। আমি এই প্রথম চোখ খুললাম। ছাউনীর বাইরে কয়েকজন অস্ত্রধারী দাঁড়িয়ে আছে।দীপ্তিও আছে তাদের মাঝে।ব্যান্ডেজ করা শেষ হতেই ওরা চলে গেল।দীপ্তি কৌশলে পাঠিয়ে দিয়েছে অন্য কোন কাজে হয়তো।আমার কাছে আসতেই আগে বলে দিলাম নৈঃশব্দবতীর কথা। ওর বিশ্বাসঘাতকতার কথা।ওকে বললাম এখুনি আমাদের হেড অফিসে জানিয়ে দেয়। বৃষ্টি বলল,’দাদা আমি সবই জানি। অলরেডি সব নিউজ পাঠিয়ে দিয়েছি চীফে’র কাছে। ওর কথা শুনে একটু শান্তি লাগলো। এবার মরেও শান্তি পাব। তবে আবার সেই কৌতুহলটা মাথা চাড়া দিয়ে উঠলো। নৈঃশব্দবতী।দীপ্তিকে কিছু জিজ্ঞেস করা লাগলো না ও নিজেই থেকে বলল পুরো ব্যাপারটা,’দাদা ঘটনাটা বছর দুয়েক আগের।এসপিওনাজ জগতে তোমার সাফল্য যখন আকাশ ছোঁয়া তখন পশ্চিমা কয়েকটা সংস্থা তাদের বাঙালী কয়েকজন মিত্র কে নিয়ে মিটিং এ বসে কি করা যায়।সেখানে ছিল এক বাঙালী লেখক।যিনি তোমাকে খুব ছোটবেলা থেকে চিনতো জানাতো। তিনিই পরামর্শ দেন,সমুদ্র’র হাতে যতক্ষন অস্ত্র আছে ততক্ষন ওর কোন ক্ষতি করা সম্ভব না। ওর ক্ষীপ্রতার কাছে সবাইকে হার মানতেই হবে। তবে যদি নিজে থেকে অস্ত্র ফেলে দেয় তাহলেই শুধু তার কোন ক্ষতি সাধন করা সম্ভব। আর এই পৃথিবী তে শুধু একজনই আছে যার সামনে সমুদ্রর অস্ত্র কোনদিনই উঠবে না।ওর প্রেমিকা।নৈঃশব্দবতী।আর তখনই ওরা মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে তোমার নৈঃশব্দবতীকে অ্যাপয়েন্ট করে।
কথা গুলো শুনে কিছুক্ষন চুপ করে থাকলাম। তারপর বললাম,দীপ্তি আমাকে একটা অস্ত্র দিতে পারো? দীপ্তির কাছে থেকে একটা Beretta M92F রিভলবার নিয়ে ছাউনী থেকে বের হই। দীপ্তির কাছেই খবর পেয়েছি নৈঃশব্দবতী আসছে এই ঘাটিতে। আমি অপেক্ষা করছি ওর জন্য। দীপ্তির কাছে থেকে অস্ত্র নেয়ার পরপরই ওই ঘাটির পাহারায় থাকা ৬ জন কে অলরেডি যমের বাড়ি পাঠিয়ে দিয়েছি।দীপ্তিও রওনা হয়েছে দেশের উদ্দেশ্যে। ওর এখানকার কাজ আপাতত শেষ। জীবনে বহুবার বুলেট বৃষ্টির মোকাবেলা করেছি। মোকাবেলা করেছি অসংখ্য শক্তিশালী শত্রুর।কিন্তু আজ হৃদয় বারবার কম্পিত হচ্ছে। সকালের সোনালী আলোয় পাহাড়ের কাচা সবুজ যেন আরো সজীব হয়ে উঠছে।আমি একটা পাথরের উপর বসে সিগারেট ধরিয়ে আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। একটু পরই দেখা হলো নৈঃশব্দবতীর জীপটা। সম্ভবত কয়েকজন একসাথে আসছে। কিন্তু আমার তো নৈঃশব্দবতীর সাথে একা দেখা করা দরকার।জীপটা কাছে আসতেই পর পর চারটা গুলি চালালাম ওর সাথে চার জনকে শেষ করবার জন্য। এবার আমি আর নৈঃশব্দবতী মুখোমুখি একেবারে একাকী।ওকে দেখার পর আবারো বুঝলাম ‘এই জীবনে আমি আর ইমোশন কে কন্ট্রোল করতে পারলাম না। আমার আবার জীবনানন্দ দাশকে মনে পড়লো,’
যে–পৃথিবী জেগে আছে, তার ঘাস—আকাশ তোমার
জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি;”
ভেবেছিলাম নৈঃশব্দবতীও হয়তো আমাকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে পড়বে। কিন্তু না।যখন মুখোমুখি হলাম আমরা তখন আমাকে আবারো অবাক করে দিয়ে নৈঃশব্দবতীর হাতে রিভলবারই উঠে আসলো। আর একটা তপ্ত বুলেট আমার বুকের বা পাশে যেখানে নৈঃশব্দবতীর জন্য সযত্নে ভালবাসা রাখা ছিল অনেক সেখানে আঘাত করলো। আমি অবাক হয়ে নির্নিমষে তাকিয়েই আছি শুধু।ওই মুহুর্তেও দ্বিধাদন্দে ছিলাম কে বড়? ভালবাসা নাকি কর্তব্য? নাহ! নৈঃশব্দবতীর প্রতি ভালবাসা আমার কর্তব্যবোধের উপর প্রভাব ফেলতে পারেনি।তাই আমার বা হাতের অনামিকায় পড়া আঙটি টা আলতো করে ছুঁয়ে দিলাম নৈঃশব্দতীর চিবুকে। শক্তিশালি পটাশিয়াম সায়ানাইড মিশ্রিত ছোট্ট পিন টি মূহুর্তেই তার রক্তে মিশে যায়।আমার হাতের উপরেই ঢলে পড়ে নৈঃশব্দতীর মৃত্যুদেহ। দেশের প্রতি কর্তব্য পালন করলেও ভালবাসার প্রতি ইমোশনটাকে মারতে পারিনি আমি।তাই প্রিয়তমার জন্য ব্যথাহীন,কষ্টহীন মৃত্যুটাই দিলাম। আমার বুকের ক্ষতগুলো থেকে তখন অবিরাম রক্তের স্রোত বইছে। আমি প্রাণহীন নৈঃশব্দবতীর দিকে তাকিয়ে আবার জীবনবাবুকে স্মরণ করলাম,’
“শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!”

জাকওয়ান হুসাইন

