ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে প্রাণ হারালেন মা-চাচী!

ছেলের বিয়ের জন্য মেয়ে দেখে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন ছেলের মা ও চাচী। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কে কারটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ছেলের মা সোফানা আক্তার (৪৫) ও চাচি শিউলি আক্তার (৫৫) মারা যান।

সোফানা আক্তার উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নুর আহমদের স্ত্রী। আর শিউলি আক্তার নুরের বড় ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নুর আহমদের বড় ছেলে ইফতেখার চৌধুরীর জন্য দুপুরে কনে দেখতে যান নুর আহমদের ছোট ভাই তোফায়েল আহমদ, ভাবি শিউলি ও স্ত্রী সোফানা। কনে দেখে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে আছুরিঘাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিউলি ও সোফানা মারা গেছেন। আর আহত তোফায়েল হাসপাতালে চিকিৎসাধীন। কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.