জেএনইউ-কাণ্ডে পড়ুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায়সবরমতী টি-পয়েন্টে ছাত্রছাত্রীদের জমায়েতে পৌঁছলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষেরপাশে দাঁড়িয়েই প্রতিবাদে সামিল হলেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে পক্ষ থেকে দীপিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, যে ভাবে ভয় না পেয়ে ছাত্রছাত্রীরা নিজেদের মতো মতামত তুলে ধরেছে, সে জন্য তিনি গর্বিত। অবশেষে ছাত্রছাত্রীদের ‘পাশে আছি’ বার্তা দিতে নিজেই চলে গেলেন সমাবেশে যোগ দিতে।
গতকালই জেএনইউ-কাণ্ড নিয়ে সরব হয়েছিল বলিউডের একাংশ। অভিনেত্রী সোনম কপূর, রিচা চাড্ডা, কঙ্কণা সেনশর্মা, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু,কৃতী শ্যানন-সহ বেশ কিছু বলি সেলেব ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তিন প্রভাবশালী ‘খান’-সহ অমিতাভ বচ্চন, রণবীর-দীপিকা কেন চুপ করে রয়েছেন সে বিষয়ে প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছিলেন নেটিজেনদের একাংশ। ‘পাবলিক ফিগার’ হওয়া সত্ত্বেও কেন তাঁরা ঘটনা নিয়ে একটি বাক্যও খরচ করছেন না, প্রশ্ন তুলেছিলেন অনেকে।
এ দিকে সোমবার মুম্বইয়ে জেএনইউ তাণ্ডবের প্রতিবাদে যে মিছিল হয়েছিল তাতে যোগ দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ, অনুরাগ বসু, তাপসী পান্নু, গহর খান, বিশাল ভারদ্বাজ, রিচা চাড্ডা, আলি ফজল, রীমা কাগতি, দিয়া মির্জা-সহ বলিউডেরবেশ কিছুচেনা মুখ। অনিল কপূর এবং আদিত্য রয় কপূরও মঙ্গলবার এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।
শুদ্ধস্বর/বি এস

