পেঁয়াজের বাজার ঠিক করতে পদত্যাগেও আপত্তি নেই: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের বাজার ঠিক করতে প্রয়োজনে পদত্যাগেও আপত্তি নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। ভারতের ওপর নির্ভরতা কমিয়ে আগামি ৩ বছরে দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলেও আশা তার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বিষয়ক মতবিনিময় সভায় এমনটি জানান বাণিজ্যমন্ত্রী।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পেয়াজের দাম ছুয়েছে দুইশর ঘর। সেই ধাক্কা সামলে ওঠার আগেই লবণ বিতর্ক, অস্থির চালের বাজার। মুখরোচক শীতের সবজির লাগামও হাতে নেই সাধারণ ক্রেতার।

এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে ব্যবসায়ী সমাজের করণীয় বিষয়ক আলোচনা। যার আয়োজক আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি। যেখানে নিজেদের অবস্থান ও ব্যবসায়ীক নানা দিক তুলে ধরেন পাইকারি ও খুচরা বাজারের শীর্ষ ব্যবসায়ীরা।

বিভিন্ন ইস্যুতে কথা হলেও অনুষ্ঠানে গুরুত্ব পায় পেয়াজের বিষয়টি। বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, মিশর এবং তুরস্ক থেকে পেয়াজ আসা শুরু হয়েছে। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে দেশ। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য এবার পেঁয়াজ উঠলে রপ্তানি বন্ধ করা হবে।

দেশের এই সংকটকালে ব্যবসায়ীদের মানবিক হওয়ারও আহবান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সংকট আমাদের আছে। আল্লাহর ওয়াস্তে ইথিক্যাল প্রফিটটা করেন। লজিক্যাল প্রফিটটা করেন।’

পেঁয়াজের বাজার ঠিক করতে প্রয়োজনে পদত্যাগেও আপত্তি নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমার এক সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের বাজার ব্যবস্থাপনায় অসুস্থ অবস্থা বিরাজ করছে। মানুষকে জিম্মি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নানক।

সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বেশিলোভের মানসিকতা পরিহারই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালে রাখতে পারে বলে মত দেন আলোচকরা।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.