যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে জোরজুলুম চালাচ্ছে পুলিশ।’ ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার যাবতীয় পুলিশি বাধা উপেক্ষা করে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। কিন্তু, তাঁর সেই যাত্রা সহজ হয়নি। তাঁকে আটকানোর জন্য পুলিশ গলা টিপে ধরে বলেও অভিযোগ। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলে কংগ্রেস। রবিবার এই ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করা হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি শনিবারই এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। যেসব পুলিশকর্মী জড়িত ছিল, তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।
শনিবার বিকেলে দারাপুরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা ছিল কংগ্রেস নেত্রীর। কিন্তু, পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর গাড়ি ছেড়ে এক কর্মীর বাইকে চেপে গন্তব্যের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। কিন্তু, তাতেও আসে বাধা। শেষ পর্যন্ত, বাধ্য হয়ে হাঁটতে শুরু করেন নেত্রী। আর এভাবেই প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে দারাপুরীর স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তারপরই সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন প্রশাসনের বিরুদ্ধে। প্রিয়াঙ্কা বলেন, ‘এটা কী ধরনের পুলিশি ব্যবস্থা! রাজ্যজুড়ে পুলিশি জোরজুলুম চালাচ্ছে যোগী সরকার। এমনকী সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। পুলিশি সন্ত্রাসের জেরে রাজ্যজুড়ে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।’ এদিন পুলিশের বিরুদ্ধে তাঁকে হেনস্তার করারও অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা ।
শুদ্ধস্বর/আইপি

