আপনারা কিছুই করতে পারছেন না: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই দুর্নীতিবাজ ও অদক্ষ সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে রাজপথে নামতে হবে। রাজপথে লড়াই ছাড়া মুক্তি হবে না।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমরা একটা বিজয় অর্জন করেছিলাম, এটা ঠিক। কিন্তু এই বিজয় কী অর্থ বহন করে, এটা বোঝা দরকার। সব লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে ‘ভালো থাকা’, সুন্দরভাবে বেঁচে থাকা। বিজয়ের ৪৮ বছর পরে আমরা কী পেয়েছি। কিছুই পাইনি। একটা সরকার ১১ বছর ক্ষমতায় আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। দেশে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে, কোনো কিছুরই নিরাপত্তা নেই।

তিনি বলেন, সরকারদলীয়রা বলে আমরা এত এত উন্নয়ন করেছি। বাস্তবে কোনো উন্নতি হয়নি, উন্নতি হয়েছে শুধু পেঁয়াজের দামের। কৃষকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে সরকারদলীয় সিন্ডিকেট।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মান্না বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, জনপ্রিয় দল বিএনপি। একজন নিরপরাধ নেত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। মুক্তির কোনো পথই হচ্ছে না।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া ২ বছর ধরে কারাগারে আছেন। এই সরকার ১১ বছর ক্ষমতায় আছে। কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.