সরকার কোন সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার কোন সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না। তাই জনগণের কাছে পেঁয়াজ তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। তা খুব শীঘ্রই চালু হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রবি-সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়। তাই তাদের কাজে কোনরকম ফাঁকি দেওয়া চলবে না। ডাক্তারদের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে আগামী এক মাসের মধ্যে নতুন করে ৬ হাজার ডাক্তার নিয়োগ করা হবে। এরপর ফাঁকি দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৌশলীরা কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ ফাঁকিবাজদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না ‌

মন্ত্রী উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ৭ শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.