জেনে নিন পেঁয়াজের আজকের বাজার মূল্য

=সারাদেশে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ইতোমধ্যে যে পেঁয়াজের দাম ছিল ২৫০ টাকা কেজি বর্তমানে তা ১০০ টাকাতে নেমে এসেছে। আজ বুধবার (২০ নভেম্বর) রাজধানীর বেশ কিছু দোকানে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল পেঁয়াজের কেজি। ঢাকার মোহাম্মদপুরের এক দোকানি জানান, বর্তমানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমরা আড়ৎ থেকে ১০০ থেকে ১১০ টাকা দরে পেঁয়াজ কিনেছি আজকের বাজারে। বিক্রি করছি ১২০ টাকা করে। সরকারি পেঁয়াজ বাংলাদেশে আসলে আরও কমে যাবে পেঁয়াজের দাম। এক খুচরা ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম কমেছে। আজকে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি করছি। আশা করি আগামী দিনে আরও কমে যাবে পেঁয়াজের দাম।

অন্যদিকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে পাবনার সাঁথিয়ার হাট-বাজারে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সাঁথিয়ার বনগ্রাম হাটে প্রতি কেজি নতুন মূলকাটা পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রয় হয়েছে। কৃষকরা দাম পাওয়ার আশায় আগেই জমি থেকে মূলকাটা সংগ্রহ করছেন। প্রতিমণ মূলকাটা পেঁয়াজ ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকায় বিক্রয় হয়েছে। পুরনো পেঁয়াজ এখনও সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার ৫শ’ টাকায় বিক্রয় হচ্ছে। বনগ্রাম হাটের আড়তদার আব্দুল রাজ্জাক জানান, ৯ হাজার টাকার পেঁয়াজ এখন ৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সাঁথিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, প্রায় ১০০ মণ পেঁয়াজ পেয়েছিলাম। সব কম দামেই বিক্রয় করেছি। শুধু অল্প কিছু পেঁয়াজের দাম পেলাম। তবে সব মিলে আসল উঠাতে পেরেছি। এ দিকে পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ বলেছেন, কৃষকরা পেঁয়াজের ন্যায্য দাম পাক এটা আমরা চাই। তারা কষ্ট করে আবাদ করেন। লোকসান গেলে ক্ষতিগ্রস্ত হয়। পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলেন।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধির পাঠানো তথ্যে জানানো হয়েছে, বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে একশ টাকা। ২৪০-২৫০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দাম কমায় ক্রেতা-ব্যবসায়ীদের চোখেমুখে স্বস্তির ছাপ। আড়ত, পাইকারী-খুচরা দোকান, মহল্লার দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। দাসিয়ারছড়া ছিটমহলের বাসিন্দা আলতাফ হোসেন জানান, ১৫০ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে পেরে স্বস্তি পাচ্ছি। আশা করি দুয়েক দিনের মধ্যে দাম আরো কমবে। ব্যবসায়ী গোলাপ হোসেন বলেন, মোকামে দাম কমেছে, তাই আমরাও কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছি। মেহেরপুর থেকে সোয়েব নামে এক ক্রেতা জানান, গত কয়েক দিনের তুলনায় (মঙ্গলবার) জেলার বাজারগুলোতে পেঁয়াজের দাম কম। যে পেঁয়াজ ২৮০ টাকা কেজি ছিল সেই পেঁয়াজের দাম এখন ১৪০ টাকাই নেমে এসেছে। যদিও এখনও আমাদের মত নিম্ম আয়ের মানুষের জন্য বেশি তবুও হাতের নাগালে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.