শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সরকার গঠনের অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
ড. কামাল বলেন, গত ১০ বছরে যেসব অসম্ভব কাজ তারা (আওয়ামী লীগ) করেছে, দশ বছরে দেশে যেসব ঘটনা ঘটেছে, তার ক্রেডিট তারা দিতে চায় বিএনপিকে। বিএনপি অতীতে অনেক কিছু করতে পারে। কিন্তু গত দশ বছর ক্ষমতায় না থেকে সব কিছু তারা করেছে, এটা বলা কী ঠিক।
সুতরাং আমাদের কিছুটা বুঝতে হবে এ অভিযোগটার গ্রহণযোগ্যতা নাই।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের অবস্থা নিয়ে সবাই উদ্বিগ্ন। আমি তো মনে করি উদ্বিগ্ন না হওয়ার কথা না। এমনকি সরকারি দল যারা করেন, তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।
ড. কামাল হোসেন বলেন, নেতিবাচক কথা বলে আমরা এখান থেকে চলে যাব, এতে কোনো অগ্রগতি আনবে না। এই সরকারকে প্রত্যাখান করেছি। প্রত্যাখান করতে বাধ্য হয়েছি কর্মকা-ের জন্য। কিন্তু এটা করে তো কোনো লাভ হবে না। যেটা প্রয়োজন সেটা হল- জনগণের ঐক্য, সর্বদলীয় ঐক্য। এই ঐক্য’র শিক্ষা আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছিলেন, ঐক্যের ব্যাপারে আমাদেরকে জাগিয়ে তুলেছিলেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি আমার দলের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আসার আগে দলের সঙ্গে কথা বলেছি। দল আমাকে এখানে আসার অনুমতি দিয়েছে। আপনারা যাই করেন না কেন, জাতীয় সরকার গঠনের করতে, সব কর্মকান্ডের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির দাবিটা যোগ করতে হবে।
সভাপতির বক্তব্যে আ স ম আব্দুর রব বলেন, এখন ক্যাসিনো নিয়ে অনেক কথা হচ্ছে, হৈ চৈ হচ্ছে। কিন্তু সব চেয়ে বড় ক্যাসিনো হয়ে গেছে ২৯ ডিসেম্বর রাতে। সেই রাতের ক্যাসিনোতে গোটা জাতিকে হারিয়ে দিয়েছে এই সরকার। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন রাজপথের আন্দোলন ছাড়া গণতন্ত্র আসবে না , সরকারের সমালোচনা করে তিনি বলেন দু চারটা যুবলীগ ধরলেই দুর্নীতি বন্ধ হবে না , ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোন অভিযান পরিচলনা করতে পারেনি সরকার , কারন এই সরকার লুটেরাদেরই সরকার ।
আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাম নেতা সাইফুল হক, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অন্যরা।

