যত বড় নেতাই হোক না কেন, অপকর্ম করে কেউ ছাড় পাবে নাঃওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যত বড় নেতাই হোক না কেন, অপকর্ম করে কেউ ছাড় পাবে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না। তবে সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেওয়া হবে না। অনেকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতি শেখ হাসিনা যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকের চেয়ে খারাপ বলে মন্তব্য করেন।

ছাত্রলীগের মত যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজেরাই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে একটি সেল গঠন করেছে। তারা নিজেরাই শোধরানোর পথ বেছে নিয়েছে।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.