বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে, কোনও রকমে টিকা থাকা যায়। যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মহিলাদল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই এখনও আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন এবং খালেদা জিয়ার মুক্তিতে কোনও বাধা হবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন, তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারিরা চুপচাপ চলে যায় মান-সম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও, নয়তো যাও।
আজকে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে।
তিনি বলেন, আজকে সকারের লোকেরা ইচ্ছামতো মানুষ খুন করে, ক্রাসফায়ারিং করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞেস করলে, বলা হয় জানি না। নিখুঁতভাবে গুম হয়ে যায়, আমাদের এমপি পর্যন্ত বাদ যায়নি।
গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে তিনি আরও বলেন, ক্যাসিনোগুলোয় কাজ করে বিদেশীরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন।
খালেদা অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা একবারও বলি নাই, বেগম জিয়াকে দয়া করে ছেড়ে দিন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
শুদ্ধস্বর/এস একে

