ডেঙ্গুজ্বরে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শান্তা আক্তারের (২০) মৃত্যু হয়। ডেঙ্গুতে গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শান্তা। এ তথ্য জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত একজন কর্মকর্তা।

ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা। পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতো শান্তা।

শান্তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ে।

শুধু শান্তা না তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। শান্তাদের বাড়ি গাজীপুরে।

রাজধানীসহ সারা দেশে মহামারি রুপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৯২ জনই রাজধানীতে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৩৫ জন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.