দুই মেয়র ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছে: নাসিম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছি ডেঙ্গু নিয়ে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন এ অবস্থা থেকে মুক্তি পাই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এ নেতা।

মোহাম্মদ নাসিম বলেন, আমাদের চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, এ ধরনের রোগ থেকে মুক্তি পাব। আমরা বাংলাদেশকে অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব, যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার। দুর্যোগ মোকাবিলা করাই এখন আমাদের দায়িত্ব।

মোহাম্মদ নাসিম আরও বলেন, সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।

আমি অত্যন্ত স্বস্তির মধ্যে আছি যে, অত্যন্ত আন্তরিকভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিচ্ছে, যোগ করেন নাসিম।

এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, হাসপাতালের শিশু, পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ মুয়াজসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.