তাজ উদ্দিনের জন্মদিনে কাপাসিয়ায় ১০ দিনের কর্মসূচী

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আওয়ামী লীগের কার্যালয়ে নানা কর্মসূচি পালিত হবে।

কাপাসিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (১৬ জুলাই) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ পায়রা উড়িয়ে ও কেক কেটে ওই কর্মসূচির উদ্বোধন করবেন।

আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এ কর্মসূচি। কাপাসিয়ায় আনন্দ র‍্যালি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই সকালে ঢাকার বনানী কবরস্থানে তাজউদ্দীনের কবরে সিমিন হোসেন রিমি পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করবেন।

১৯২৫ সালের ২৩ জুলাই কাপাসিয়ার দরদরিয়া গ্রামে মৌলভী মুহাম্মদ ইয়াসিন ও মেহেরুন্নেছা খানম দম্পতির ঘরে জন্ম নেন তাজউদ্দীন আহমদ। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বন্দি অবস্থায় কারাগারের ভেতর স্বাধীনতাবিরোধী ঘাতকদের গুলিতে তিনিসহ জাতীয় চার নেতা শহীদ হন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.