গাজীপুরের নুহাশপল্লীতে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুরের পিরুজালীতে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী হুমায়ূন আহমেদের কবরে পরিবারের পক্ষ থেকে নুহাশ পল্লীর কর্মচারীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার কবরের পাশে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ বছর দেশের বাইরে থাকায় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তার দুই ছেলে নিশান ও নিনিদ তার সপ্তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি।

মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট এবং মাসিক উন্মাদের সম্পাদক ও প্রকাশক আহসান হাবীব, তার স্ত্রী আফরোজা আমিন, বোন সুফিয়া হায়দার, রোকসানা আহমেদ, অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, আগামী প্রকাশনীর ওসমান গনি, অভিনেতা সৈয়দ হাসান সোহেলসহ প্রমুখ।

আজ সকাল সাড়ে ১০টায় তারা সবাই লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, শাওন চলচ্চিত্রবিষয়ক ছয় মাসব্যাপী একটি প্রশিক্ষণ নিতে নিশাদ ও নিনিদকে সঙ্গে নিয়ে গত মে মাসে আমেরিকা গেছেন। এ জন্য তারা এ কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

তবে শাওন নিউইয়র্কে হুমায়ূন আহমেদকে নিয়ে একটি স্মরণসভায় যোগ দেবেন বলে জানান তিনি।

লেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবিব জানান, হুমায়ূন আহমেদকে নিয়ে পারিবারিকভাবে একটি মিউজিয়াম স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। তাকে নিয়ে একটি আর্কাইভ নির্মাণ করা হয়েছে। অনেকে হুমায়ূন আহমেদকে নিয়ে গবেষণা করছেন। এ আর্কাইভ গবেষণা কাজে সহায়তা করবে।

তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদের সব স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না হলেও তার অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। ক্যান্সার হাসপাতাল নির্মাণসহ অনেক স্বপ্ন বাস্তবায়নের পথে রয়েছে।

এ ছাড়া প্রকাশক ও সংশ্লিষ্টদের প্রতি হুমায়ূন আহমেদের লেখাগুলো নির্ভুলভাবে প্রকাশের অনুরোধ জানান তিনি।

হিমু পরিবহনের সভাপতি আসলাম হোসেন জানান, সকালে নরসিংদী, গাজীপুর, ফরিদপুর ও ঢাকা থেকে হিমু পরিবহনের ৬০ সদস্য নুহাশ পল্লীর কর্মসূচিতে যোগ দেন। তারা একযোগে ৪০ জেলায় প্রিয় লেখকের স্মরণে নানা কর্মসূচি পালন করছেন। তার মধ্যে বৃক্ষরোপণ, চলচ্চিত্র প্রদর্শনী ও বইমেলা রয়েছে। হিমুদের উদ্যোগে ইতিমধ্যে ১০ জেলায় পাঠাগার স্থাপন করা হয়েছে।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.