বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল নির্বাচনের আগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। কিছু দিন আগে তিনি কারামুক্ত হয়েছেন। তাকে নিয়ে শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সরকার খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে বিএনপি ‘আন্দোলন জোরদার করবে’ বলে হুশিয়ার করেন তিনি।
তিনি বলেন, আজকে এখানে শপথ নিয়েছি- দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করব এবং দেশনেত্রীকে মুক্ত করার জন্য, আটক নেতাকর্মীদের মুক্ত করার জন্য এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি। তবে তাতে তেমন সাফল্যের দেখা তারা পাননি। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের কটাক্ষও তাদের বিভিন্ন সময়ে সইতে হয়েছে। বিএনপির দাবি- সরকারি বাধায় তাদের আন্দোলন বাধাগ্রস্ত হয়েছে।
সব রাজবন্দির মুক্তি দাবি করে ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখনও সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন।
শুদ্ধস্বর/এইচ বি

