দিনাজপুরের নবাবগঞ্জে একটি সবজি বাগানে গাঁজা চাষের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজারসংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এ গাছগুলি জব্দ করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার নন্দনপুর গ্রামে সবজি বাগানে গাঁজা চাষ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ থানা পুলিশের সহায়তায় বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজারসংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওই বাগানের মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা পরিষদ ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এমন আরো অভিযান চালানো হবে। যাতে করে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট না হয়।

রোকনুজ্জামান মন্ডল ,দিনাজপুর প্রতিনিধি।

