বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল বিরাট কোহালির ভারতকে। পর পর দু’ ম্যাচে টিম ইন্ডিয়া মাটি ধরিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের সাজঘরে বড় ধাক্কা। বুড়ো আঙুলের চোট ছিটকে দিল ভারতের ওপেনার শিখর ধওয়নকে।
অজিদের বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার-নাইলের একটা বল হঠাৎই লাফিয়ে উঠে ধওয়নের বাঁ হাতের গ্লাভসে লেগেছিল। বলের আঘাতে বুড়ো আঙুল ফুলে যায় বাঁ হাতি ওপেনারের। যন্ত্রণা নিয়েও ম্যাচ জেতানো শতরান করেন তিনি। ব্যাট করলেও ফিল্ডিং করেননি ধওয়ন। ড্রেসিং রুমে বসে আইস প্যাক ঘষতে দেখা যায় তাঁকে। আজ, মঙ্গলবার ধওয়নের আঙুলে স্ক্যান হয়। সেখানেই ধরা পড়ে তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে।
তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ধওয়নকে। তিন সপ্তাহ বিশ্রামের অর্থ হল চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন ধওয়ন। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেল।
সংবাদসুত্র, আনন্দবাজার পত্রিকা

