কত উষ্ণতার কাহিনী জড়ানো
হারিয়ে যাওয়া সোনালী পালকে,
ছিলো কত শৈল্পিক উম্মাদনার ভাষ্কর্যের অবয়ব,
হৃদয় মাতানো হৃদয়স্ক্রিনে দেখেছি
কতইনা
পূর্ণদৈর্ঘ্য
আবাবিল বিচরণের মুভি।
কাকতাড়ুয়ার মিথ্যে ধোঁকায় কতযে
কেঁপেছে
মনের দীঘির স্বচ্ছ জল।
শিকারীর অসতর্ক
গুলির চিৎকারে
উড়ে গেছে সব সারসের দল,
পালকগুলো বিধ্বস্ত আল্পনা এঁকে
আর্তনাদ করে গেয়ে যাচ্ছে
সোনালী অতীতের বেহাগের সুর।
সুমিষ্ট সুরের মৃত্যু হয়ে যায়
কর্কশ কা কা ডাকের
জবর দখলে। নিবু নিবু লণ্ঠনের নৃত্য,
ঝড়ের আকাশ
অন্ধকার সব গ্রাস করে নিয়ে
ঘুমিয়ে পড়েছে,
সময় সহসা হয়ে গেছে
পুশ করা এক ভিডিও ফুটেজ।

অনিন্দ্য আসাদ

