বৃষ্টিতে ভেসে যেতে পারে রবিবারের ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ

মহম্মদ আমিরকে কীভাবে সামলাবেন ভারত অধিনায়ক বিরাট কোহালি? বুমরা-ধাঁধার সমাধান কি করতে পারবেন সরফরাজরা?

বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবেন ক্রিকেটপ্রেমীরা। দুই প্রতিবেশী দেশে ভারত   পাকিস্তানের  লড়াই ঘিরে ভক্তদের  আগ্রহ বাড়তে শুরু করেছে। তাঁদের বাড়তে থাকা আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। বিলেতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার আকাশ মেঘলা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টি হতে পারে ম্যাঞ্চেস্টারে। স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বেলা ৩টে থেকে ফের বৃষ্টি নামতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে। অর্থাৎ বিশ্বকাপের সব চেয়ে উত্তেজক ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হতেই পারে।

বৃষ্টির জন্য চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে দুটো করে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে সব চেয়ে বেশি ম্যাচ ভেস্তে গিয়েছে এ বারই। আগামী কয়েক দিনও বিশ্বকাপ ভাসাতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৯টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শুদ্ধস্বর/ আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.