পার্থ আবার ফিরবে, আশা নজরুলের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, ২০ দল ভাঙবে না বরং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামীতে এর আকার আরো বাড়বে।

আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান।

আন্দালিব রহমান পার্থ আবার ২০ দলে ফিরে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, তার মান-অভিমান থাকতেই পারে। তবে আশাকরি ভুল-ত্রুটি সংশোধন হয়ে সেটা ঠিক হয়ে যাবে। পার্থ আবার ২০ দলে ফিরবে।

তিনি আরো বলেন, জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে প্রতিমাসে ২০ দলীয় জোটের একটি বৈঠক হবে। এ ছাড়া জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি, কৃষকদের ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে জোটগতভাবে কর্মসূচি দেওয়া হবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রাকিব ও পিপলস পার্টির সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.