নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

নেশার টাকা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের ঘুষিতে প্রাণ গেল এক বাবার। স্থানীয়দের সহযোগিতায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত বাবা নাম মো. বাচ্চু মিয়া (৪৫) পেশায় বাসচালক ছিলেন। ছেলে মো: ইয়াকুব (১৭) ওই বাসের হেলপার হিসেবে কাজ করতো।

মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের ভাই মো. গোলাম মোস্তফা এই তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক থেকে ছেলেকে বিরত রাখার জন্য বাবা বাচ্চু মিয়া প্রায় সময়ই তার সাথে করে গাড়িতে হেলপার হিসেবে নিয়ে যেতেন ছেলেকে। ঘটনার দিন সকালে ছেলে ইয়াকুব বাবার নিকট গাড়িতে হেলপারের পারিশ্রমিক চান। বাবা বাচ্চু মিয়া টাকা পেলে ছেলে নেশায় জড়িয়ে যাবে এ ভেবে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছেলে ইয়াকুব মিয়া বাবাকে এলোপাতারি কিলঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা আহত বাচ্চু মিয়াকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. গোলাম মোস্তফা জানান, দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.