ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী ইফতার সামগ্রীতে খাদ্যে ভেজাল কিংবা পচা-বাসি খাবার যদি বিক্রি করে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়া হবে। এমনকি ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে।
মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার পরিদর্শন নিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন।
তিনি বলেন, রমজানজুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম ইফতার তৈরির প্রতিষ্ঠান রেস্টুরেন্টে অভিযান চালাবে। অভিযানে যদি কেউ রোজাদারদের পচা-বাসি এবং ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করছেন- এমন প্রমাণ মেলে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা এই পবিত্র মাসে কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হতে পারে।
শুদ্ধস্বর/এন.হাসান

