বকেয়া বেতনের দাবীতে রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামপুরায় লুমান ও লুফা নামের পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান নেন। এতে রামপুরার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, তাদের কয়েক মাসের বেতন বকেয়া। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তাদের এই অবস্থানের কারণে মালিবাগ আবুল হোটেল থেকে রেলগেইট পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ।

আবুল হোটেল ও সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে রাস্তাটি খোলা থাকায় সেদিক দিয়ে কিছু যনবাহন রামপুরার দিকে চলাচল করতে পারছে। কিন্তু মৌচাক ও রামপুরার মধ্যে যাতায়াতের পথ বন্ধ।

রামপুরা থেকে আসা গাড়ি মালিবাগ ফ্লাইওভারে উঠতে পারলেও মৌচাক হয়ে মালিবাগে নামা ফ্লাইওভারের পথ আটকে বসে আছেন বিক্ষোভরত শ্রমিকরা। ফলে ডিআইটি রোডে তৈরি হয়েছে ব্যাপক যানজট।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের রমনা জোনের এসি মাজহারুল ইসলাম বলেন, শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার জন্য আগেই অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে। এখন সড়কে নেমেছে। কিন্তু তাতে তো সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আমরা তাদেরকে বলেছি, মানুষকে কষ্ট না দিয়ে সড়ক থেকে উঠে গিয়ে বিজিএমইএর কাছে দাবি জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.