নির্বাচনের আগে যেসব দল এবং জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবার সংলাপে বসার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে সংলাপে আগ্রহ নেই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের। দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের এজেন্ডা ছাড়া অন্য কোনো ইস্যুতে সংলাপ করতে চান না তারা। ঐক্যফ্রন্টের নেতারা মনে করেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগের সংলাপে কোনো ফল আসেনি। নির্বাচনের পরে এখন একটাই ইস্যু, তা হলো নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন। এই এজেন্ডা ছাড়া কোনো সংলাপ করে দেশ ও জাতির কোনো উপকার হবে না। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোমিনুল ইসলাম শুদ্ধস্বর ডটকমকে জানান ঐক্যফ্রন্ট নিজেরাই একটি জাতীয় সংলাপ আহব্বান করবে , সেই সংলাপে অর্থনীতিবিদ রেহমান সোবহান , ওয়াহিদ উদ্দিন মাহামুদ এর মতো ব্যক্তিত্বকে আমন্ত্রন জানানো হবে , দুইএকদিনের মধ্যে এই সংলাপের তারিখ জানানো হবে । তিনি বলেন ঐক্যফ্রন্টের ঐক্য অটুট আছে , কোন বিষয়েই দ্বিমত নেই ।সারা বাংলাদেশে নির্বাচনের নামে যা ঘটেছে তাতে সব রাজনৈতিক দলই এখন ক্ষমতার বাইরে থাকা দলগুলো নিয়ে একটি ঐক্যের কথা বলছে । এবং নিরেপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় সরকারের দাবীতে খুব শীঘ্রই তারা আবার আন্দোলনে নামবেন । তিনি বলেন প্রত্যেকটি আসনেই অনিয়ম হয়েছে , প্রার্থিরা অনিয়মের প্রমানপত্র সংগ্রহ করছে ,এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নিচ্ছে ।

