শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদসহ তাঁর সমর্থকদের ওপর মিছিলে হামলা হয়েছে। এতে নুরুদ্দিনের মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া দলের ২৫ জন আহত হয়েছে বলে দাবি করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নুরুদ্দিন নেতা-কর্মীদের নিয়ে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিনের মাথায় ও ঘাড়ে আঘাত পান। নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কেন্দ্রে নিয়ে আসে। হামলার ঘটনায় ওই এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
নুরুদ্দিনের স্বজনেরা জানান, তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে।
নুরুদ্দিন দাবি করেন, তাঁকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। তিনি এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
বেলা একটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা নুরুদ্দিনকে দেখত হাসপাতালে আসেন। আলমগীর প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থী গোসাইরহাটে যাবেন তা তাদের জানা ছিল না। হামলার এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

